Friday, July 17, 2026

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। ফল প্রকাশের মাধ্যমে সারা দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই ফলাফল দেখতে পারবে। অনলাইনে ফল জানতে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করতে হবে। এছাড়া টেলিটক নম্বর থেকে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালেও ফল জানা যাবে।
এবার ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। বাকি ৪৬ হাজার ২৮১ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশা, এই বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং প্রাথমিক স্তরে মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Exit mobile version