১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় পাইলট স্মিত মুচ্ছার। এবার তাঁর সাহসিকতার স্বীকৃতি দিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। স্মিতের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সাহসিকতার প্রশংসা করেন হামদান। একপর্যায়ে স্মিতের কপালে চুমুও দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামদান লেখেন, স্মিতের সাহসিকতায় তাঁরা গর্বিত।
ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ওমানি কো-পাইলটের হামলায় রক্তাক্ত হয়েছিলেন স্মিত। গুরুতর আহত অবস্থাতেও যাত্রীদের নিরাপত্তায় লড়াই চালিয়ে যান তিনি। স্মিত জানান, এ সময় হনুমান চালিশা পাঠ তাঁকে মানসিক শক্তি জুগিয়েছিল।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিওকলে স্মিতের সঙ্গে কথা বলে তাঁকে ‘হিরো’ বলে অভিহিত করেন। তাঁর সাহসিকতার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

