Monday, August 31, 2026

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জনও রয়েছেন। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে এখনো আদেশ জারি হয়নি।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে এটি বড় পরিসরে দ্বিতীয় দফার পদোন্নতি। এর আগে ৯ জুলাই ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এবার মূলত বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনা করা হয়েছে। পাশাপাশি আগের পদোন্নতিতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।
বিদ্যমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাকে বিবেচনা করা হয়। এ পদে পদোন্নতির জন্য সিনিয়র সহকারী সচিব পদে পাঁচ বছরসহ সংশ্লিষ্ট ক্যাডারে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা এবং মূল্যায়নে কমপক্ষে ৮৩ নম্বর পাওয়ার শর্ত রয়েছে।

Exit mobile version