Monday, August 31, 2026

নেপালের ভয়াবহ হড়পা বানের প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। নেপাল-সীমান্তবর্তী বিহার ও উত্তরপ্রদেশে একাধিক নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারের রসুয়াগড়ি সীমান্ত এলাকায় শুল্ক দপ্তরের ৩৫ কর্মীর মধ্যে ১৪ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল থেকে প্রবাহিত গণ্ডক ও কোশী নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, নেপাল থেকে গত কয়েক ঘণ্টায় গণ্ডক নদীতে ৮৬ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। পানি বাড়ার আশঙ্কায় গণ্ডক ব্যারেজের ৩৬টি গেট খুলে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশেও নদীর পানি বাড়ায় সতর্কতা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে নেপালের বন্যায় অন্তত ১৩৩ ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফলে নেপালের ভয়াবহ বন্যা এখন ভারতের সীমান্তবর্তী এলাকাতেও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Exit mobile version