Monday, August 31, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন ছয় সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে ২৮ জন মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী।
নতুন দায়িত্ব বণ্টন নিয়ে জানা গেছে, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাচিং প্রু জেরী পেতে পারেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে, শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া কয়েকজন বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তরও পুনর্বণ্টন হতে পারে। দপ্তর বণ্টন করে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকেম প্রজ্ঞাপন জারি করা হবে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এরপর কয়েক দফা পদত্যাগ ও দায়িত্ব পরিবর্তনের পর শুক্রবার নতুন ছয় সদস্য যুক্ত হলেন। একই দিন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী পদটিও শূন্য হয়েছে।

Exit mobile version