Monday, August 31, 2026

দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে কিছু এলাকায় বিতরণ ব্যবস্থায় সাময়িক সমস্যা রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমানে দেশে ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। এর মধ্যে ইউরিয়া ৪ লাখ ৮২ হাজার, টিএসপি ৩ লাখ ৬৯ হাজার, ডিএপি ৩ লাখ ৬৮ হাজার এবং এমওপি ১ লাখ ৪৬ হাজার টন।
কৃষকদের ভোগান্তি এড়াতে আরও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি ক্রয় কমিটি ৩ লাখ ৬৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এর আগে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার টন সার কেনার অনুমোদন দেওয়া হয়।
বিতরণ ব্যবস্থার সমস্যার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, কিছু ডিলার সময়মতো বরাদ্দের সার না তোলায় কয়েকটি এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২৫ শতাংশ সার পরিবহন হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, এফএসআরইউ দুর্ঘটনার কারণে সাময়িক গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশীয় উৎস থেকে দৈনিক ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যে ১৫০টি কূপে খনন ও পুনঃখনন চলছে। ভোলা থেকে পাইপলাইনে দ্রুত গ্যাস আনার কাজও চলছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকারের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে ৪৬৪টি এবং প্রধানমন্ত্রীর নামে ১৫৭টি অসত্য ও অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিমান বাহিনীর আধুনিকায়নে নতুন যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ইউএভি কেনার আলোচনা এবং ৪১ লাখ পরিবারের জন্য ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরুর কথাও জানান তিনি।

Exit mobile version