বলিউড অভিনেতা সালমান খান দিল্লি হাইকোর্টে আইনি লড়াইয়ে স্বস্তি পেয়েছেন। ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার (কালো হরিণ) হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিত ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ চলচ্চিত্রের টিজার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ছবিটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই তা নিয়ে বিতর্ক শুরু হয়। সালমান খানের দাবি ছিল, সিনেমাটি তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এ কারণে তিনি নির্মাতাদের টিজার সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তারা তা মানেননি।
পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে দিল্লি হাইকোর্ট সালমান খানের আবেদন আমলে নিয়ে ছবিটির টিজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। আদালতের এ আদেশে আপাতত স্বস্তি পেয়েছেন এই বলিউড তারকা।

