Monday, August 31, 2026

দেশের ১০ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজবাড়ী, গাইবান্ধা, নেত্রকোনা, নওগাঁ, কক্সবাজার, মাগুরা, ফেনী, কুমিল্লা, যশোর ও নড়াইলে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী, পথচারী, নছিমনচালক, যাত্রী ও শিশুও রয়েছে।
রাজবাড়ী: রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ পরামাণিক (৩৫) নিহত হন।
গাইবান্ধা: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সড়কের পাশে বসে থাকা অবস্থায় তাকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়।
নেত্রকোনা: পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নওগাঁ: পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যামল তিগ্গা (৪০) নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কক্সবাজার: চকরিয়ায় বাস ও জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নছিমনচালক মহিউদ্দিন (৫০) নিহত হয়েছেন। ভোরে বাঁশতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফেনী: ছাগলনাইয়ায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে অপেক্ষমাণ যানবাহনের সারিতে ট্রাকের ধাক্কায় জুয়েল দাস (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত ও একজন আহত হন।
কুমিল্লা: চান্দিনায় পৃথক দুটি দুর্ঘটনায় মহিউদ্দিন রনি (২২) নিহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায় মিনি পিকআপের চাপায় তার মৃত্যু হয়। অপর দুর্ঘটনায় বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
যশোর: বেনাপোলে মোটরসাইকেল ও লোহাবোঝাই ভ্যানের সংঘর্ষে মাদরাসার অফিস সহকারী ইব্রাহিম হোসেন (৫০) নিহত এবং দুজন আহত হয়েছেন। কেশবপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৭) নিহত হন।
নড়াইল: সদর উপজেলার কোড়গ্রামে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় আড়াই বছরের শিশু সূর্য দাস নিহত হয়েছে।
পৃথক এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Exit mobile version