Monday, August 31, 2026

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল লতিফকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে আবদুল লতিফের করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, গত ২৫ জুন ডিএসইর দেওয়া চাকরি অবসানের চিঠি কেন আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না। ওই চিঠিতে পদটি আর প্রয়োজন নেই উল্লেখ করে তাকে অব্যাহতি দেওয়া হয়।
আবদুল লতিফ দাবি করেন, ডিএসইর পুনর্গঠনের কারণ দেখিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে বিএসইসিতে আবেদন করেও প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।
রুলে তাকে চাকরিতে পুনর্বহাল ও চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতাসহ সংশ্লিষ্ট সুবিধা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। রুলের জবাব দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

Exit mobile version