আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে ফের ধোঁয়াশা। শনিবার এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, আমেরিকা ও ইরান একটা ‘সুন্দর চুক্তি’র খুব কাছে দাঁড়িয়ে রয়েছে। কি ন্তু ওয়াশিংটনের দাবি অনুযায়ী সমঝোতা না হলে, অন্য পথে বেছে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ জানিয়ে দেন, ইরানের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হবে না। তিনি জানান, ‘শত্রু’র দেওয়া প্রতিশ্রুতি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি কবে ফিরবে, তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শনিবার নিজের পূত্রবধূ লারা ট্রাম্পকে এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটা অত্যন্ত ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা ধীর স্থিরভাবে হলেও নিশ্চিতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছি। আর আমাদের দাবি যদি পূরণ না হয়, তাহলে আমরা অন্য উপায়ে এর ইতি টানব। যুদ্ধসংক্রান্ত দপ্তর নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছি।’ ট্রাম্প আরও দাবি করেন, ইরান খুব ভালো আলোচনা করতে পারে। কিন্তু সব তাস এখন আমেরিকার হাতেই রয়েছে কারণ ইরান যুদ্ধে হেরে গিয়েছে। তেহরান পরমাণু অস্ত্র তৈরি বা কিনবে না বলেও তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প।

