Monday, August 31, 2026

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারকে কেন্দ্র করে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএর পূর্বাভাস অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
একই সঙ্গে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মূল ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে—এমন আশঙ্কায় জনগণকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ চলছে। পরিস্থিতির পরিবর্তন বা নতুন কোনো ঝুঁকির তথ্য পাওয়া গেলে তা দ্রুত জনসাধারণকে জানানো হবে।

Exit mobile version