Monday, August 31, 2026

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার মুখে ছয় মাসের চিকিৎসা শেষে নেপালে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন।
রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে শত শত সমর্থক তাকে স্বাগত জানান। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান, দেউবার বিরুদ্ধে অর্থ পাচার তদন্ত চলছে এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকার গত এপ্রিলে দেউবা ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে দেউবা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী ব্যাপক বিক্ষোভে দেউবার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ হয়। পরে সেখানে বিপুল নগদ অর্থ পাওয়ার দাবি ওঠে। তদন্ত কমিশন বিষয়টি আরও তদন্তের সুপারিশ করেছে।

Exit mobile version