বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কের জেরে পরিকল্পনা থেকে সরে এলেও তাঁর ওপর চাপ কমেনি। এবার নিজের পদ ও অবস্থান টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সহায়তা চাইছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে একান্ত টেলিফোন আলাপের উদ্যোগ নেন। দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় সোমবার সকালে তাদের মধ্যে কথা হওয়ার কথা ছিল।
তবে এ দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইনফান্তিনোর সঙ্গে রুবিওর কোনো আলোচনার সূচি নেই। একই সঙ্গে যথাযথ তথ্য যাচাই ছাড়া এমন প্রতিবেদন প্রকাশ করায় নিউইয়র্ক পোস্টের সমালোচনাও করেন তিনি।
বিতর্কের মূল কারণ ছিল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা। অভিযোগ ওঠে, এ প্রক্রিয়ার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠানের সম্পৃক্ততার সম্ভাবনা ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল করা হয়।
এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পাশাপাশি ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে তারা ইনফান্তিনোকে সমর্থন করবে না।
নিউইয়র্ক পোস্টের দাবি, গত শুক্রবার শেয়ার বিক্রির প্রস্তাব বাতিল হওয়ার পর থেকে ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হননি ইনফান্তিনো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চারদিকের সমালোচনা ও রাজনৈতিক চাপের মধ্যে নিজেকে ক্রমেই একাকী ও কোণঠাসা মনে করছেন ফিফা সভাপতি।

