স্বৈরাচার ও গুপ্ত রাজনীতি করা একটি পক্ষ আবারও একসঙ্গে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতেও বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে কাজ করার নজির রয়েছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৮৬ ও ১৯৯১ সালের নির্বাচনসহ বিভিন্ন সময়ে ওই পক্ষগুলো একসঙ্গে কাজ করেছে। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, জেল-জুলুম, হত্যা ও গায়েবি মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু মানুষ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাদের কর্মসূচিতে সাধারণ ও খেটে খাওয়া মানুষের কী উপকার হবে, সেই প্রশ্ন রয়েছে। জনগণের ভাগ্য পরিবর্তনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি, খাল খনন, বৃক্ষরোপণ ও বন্ধ কলকারখানা চালুর মতো কর্মসূচি আছে কি না, তা বিবেচনার আহ্বান জানান তিনি।
বিএনপির এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন ও জনকল্যাণ নিশ্চিত করতে চান বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনগণের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট কর্মসূচি নেই—এমন রাজনৈতিক পক্ষগুলোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের ‘বেহেশতের টিকিট’ বিক্রির বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ।
এর আগে জনসভায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন এবং ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
গুপ্ত ও স্বৈরাচারী রাজনীতি সম্পর্কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে জনসভায় তিনি এ সব কথা বলেন
Keep Reading
Add A Comment

