পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পাশাপাশি গভর্নরের শাসন কার্যকর করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এর ফলে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের ক্ষমতা কার্যত খর্ব হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করার পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রদেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরে সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সুপারিশ করা হয়।

