Monday, August 31, 2026

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন।
এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন উদ্ধারের খবর দিলেও পরে কোস্টগার্ড জানায়, প্রকৃত সংখ্যা ৭৯ জন।
সাম্প্রতিক সময়ে ক্রিট ও পাশের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।
গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অনিয়মিত অভিবাসীর আগমন কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।
এদিকে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াসহ ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। গ্রিসও এ বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে।

Exit mobile version