রাশিয়ার বাল্টিক ভূখণ্ড কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে পরমাণু অস্ত্রসহ সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা মস্কোর নেই বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার ওপর আগ্রাসন হলে পাল্টা জবাব দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মস্কোয় ভালদাই আলোচনা ক্লাবের বৈঠকে পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, কালিনিনগ্রাদসহ রাশিয়ার যেকোনো ভূখণ্ডে সরাসরি হামলা হলে সব ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আসবে।
পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে বাল্টিক সাগরের তীরে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি ঘিরে ন্যাটোর সামরিক তৎপরতা ও মস্কোর পাল্টা হুঁশিয়ারিতে ইউরোপে উত্তেজনা বাড়ছে। ন্যাটোর দাবি, তাদের সামরিক মহড়া রাশিয়ার জন্য হুমকি নয়।
ভালদাই ফোরামে পুতিন আরও বলেন, বিশ্ব এখন বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে না—এমন নিশ্চয়তা দেওয়া যায় না। তাই সংঘাত বাড়িয়ে তোলার বিষয়ে সতর্ক থাকতে হবে।
এদিকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন দাবি করেন, রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ১ শতাংশ কমেছে। এসব হামলার জবাবে মস্কোও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
Keep Reading
Add A Comment

