দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এসব শিশুর মধ্যে ১৫৩ জন কন্যাশিশু ও ১৪৬ জন ছেলেশিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব শিশুর মায়েদের অধিকাংশই মাদক মামলার আসামি। তাঁদের কেউ সাজা ভোগ করছেন, আবার কারও বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে শিশুদের নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি তাদের খেলনা, পোশাক ও শিশুখাদ্যসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তাদের পছন্দের নিকটাত্মীয়ের কাছে অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ১৫ জুন কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, বয়স ও সার্বিক অবস্থা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রিটটির চূড়ান্ত শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার দিপা।

