Monday, August 31, 2026

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন।
পিটিআইয়ের মুখপাত্র নইম হায়দার পানজুথা জানান, ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর চিকিৎসা চলবে। পাশাপাশি সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ইমরানের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়জল সুলতান ও বোন ডা. উজমা খান থাকবেন। তবে চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট প্রকাশ বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ ছাড়া বিদেশে থাকা দুই ছেলের সঙ্গে ইমরানকে কথা বলার অনুমতিও দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।
২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান তোষাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। তাঁর পরিবার ও দল দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আসছে।

Exit mobile version