দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তবে এবার বড় পর্দায় নয়, ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। হংসল মেহেতার পরিচালনায় নতুন এই সিরিজে বিপাশার সঙ্গে অভিনয় করবেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। সিরিজটি তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জন্য। তবে এখনও এর নাম চূড়ান্ত হয়নি।
অপরাধ ও দুর্নীতিকে কেন্দ্র করে আবর্তিত হবে সিরিজটির গল্প। একটি ছোট শহরকে ঘিরে এগোবে কাহিনি, যা একসময় দেশের মাদক ব্যবসার অন্যতম কেন্দ্রে পরিণত হবে। এমন পরিস্থিতিতে দুর্নীতির সঙ্গে আপস না করা এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সানি কৌশলকে।
তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান। হংসল মেহেতার পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বিপাশার প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

