এল নিনোর প্রভাবে আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, দ্রুত শক্তিশালী হওয়া এল নিনো আগামী মাসগুলোতে বৈশ্বিক আবহাওয়ার ওপর বড় প্রভাব ফেলবে। এর সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন যুক্ত হওয়ায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হতে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এল নিনো ইতোমধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এটি দাবানলপ্রবণ অঞ্চলগুলোকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডব্লিউএমওর পূর্বাভাস অনুযায়ী, মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকায়।
ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো বলেন, আগাম সতর্কবার্তাকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া যায়। বিজ্ঞানীদের আশঙ্কা, বছরের দ্বিতীয়ার্ধে এল নিনো সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাতে পারে।

