মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে এলএনজি সরবরাহসহ জ্বালানি খাতে সহযোগিতার অনুরোধ জানানো হয়।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন মালয়েশিয়ায় চিঠিটি হস্তান্তর করেন।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, তা দ্রুত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। এলএনজি সরবরাহের পাশাপাশি কারিগরি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় ও অন্যান্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
এদিকে মহেশখালীর বিকল এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছে জ্বালানি বিভাগ। প্রতিমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটি মেরামতকাজের পরিকল্পনা দিয়েছে। আগামী সপ্তাহের শুরুতে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হতে পারে এবং পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ পুরো টার্মিনাল সচল হওয়ার আশা করা হচ্ছে।
গত ২১ জুলাই মহেশখালীর এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর কারিগরি ত্রুটির কারণে টার্মিনালটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
এলএনজি টার্মিনাল বিকল: সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
টেলিফোনে দুই প্রধানমন্ত্রীর কথা হয়েছে

