একটি সিনেমা, গল্পের মূল আবেগ একই—কিন্তু ভাষা বদলেছে নয়বার। তেলুগু সিনেমা ‘নুভ্বোস্তানান্তে নেনোদ্দান্তানা’ ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি ভাষায় রিমেক হওয়া সিনেমাগুলোর একটি। বাংলাদেশেও তৈরি হয়েছে এর রিমেক।
২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল প্রভু দেবার পরিচালক হিসেবে অভিষেক। অভিনয় করেন সিদ্ধার্থ, ত্রিশা কৃষ্ণন ও শ্রীহরি। প্রেম, পরিবার ও আত্মসম্মানকে ঘিরে তৈরি গল্পটি দর্শকের ব্যাপক সাড়া পায়।
এরপর ২০০৬ সালে কন্নড় ‘নীনেল্লো নানাল্লে’ ও তামিল ‘উনাক্কুম এনাক্কুম’, ২০০৭ সালে বাংলা ‘আই লাভ ইউ’ ও মণিপুরি ‘নিংগোল থাজাবা’, ২০০৯ সালে ওড়িয়া ‘সুনা ছাদেই মো রূপা ছাদেই’ ও পাঞ্জাবি ‘তেরি মেরি কি রিশতা’ রিমেক হয়।
২০১০ সালে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘নিঃশ্বাস আমার তুমি’ নামে বাংলাদেশি বাংলা সংস্করণ তৈরি হয়। একই বছর নেপালি ভাষায় আসে ‘দ্য ফ্ল্যাশব্যাক: ফারকেরা হেরদা’। সবশেষে ২০১৩ সালে প্রভু দেবার পরিচালনায় তৈরি হয় হিন্দি ‘রামাইয়া বাস্তাভাইয়া’।
ভাষা, চরিত্র ও পরিবেশ বদলালেও প্রেম ও পারিবারিক সম্পর্কের মূল আবেগটি থেকে যায় একই। তাই ২০০৫ সালের এই তেলুগু সিনেমার গল্প আজও রিমেকের ইতিহাসে আলাদা করে আলোচিত।

