চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।
সোমবার (১২ অক্টোবর) সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে।
গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সারা দেশে পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।

