Monday, August 31, 2026

তীব্র দাবানলে বিপর্যস্ত ইউরোপ। গ্রিসে ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিন দমকল কর্মী। প্রবল তাপপ্রবাহ ও ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
জানা গেছে, গ্রিসের ক্রিট দ্বীপের ক্রিয়া ভ্রিওসি গ্রামের কাছে আগুন নেভানোর সময় দুই দমকল কর্মী তাদের গাড়িতে আটকা পড়ে নিহত হন। এছাড়া পেলোপোনেস অঞ্চলের গাইথিও এলাকায় আরেক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে প্রাণ হারান।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। ক্রিট দ্বীপে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আজিয়া গালিনি-সহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস নিহত দমকল কর্মীদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আগুনের সঙ্গে সম্মুখসারিতে লড়াই করা প্রতিটি উদ্ধারকর্মীর নিরাপত্তাই এখন আমাদের সবচেয়ে বড় উদ্বেগ।’
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে ভয়াবহ দাবানলের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গ্রিসের পাশাপাশি বর্তমানে ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চলেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Exit mobile version