রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


