অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভিডিও কলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা।
জানা গেছে, বাংলাদেশ দল জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে তিনি ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং দেশে তাঁদের স্বাগত জানানোর অপেক্ষায় থাকার কথা বলেন।
ভিডিও কলে তিনি অস্ট্রেলিয়ার আবহাওয়া নিয়েও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরবর্তী টেস্টেও ভালো খেলে সিরিজ জয় নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।

