Monday, August 31, 2026

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের প্রাপ্য টাকা পেতে শিক্ষকদের ঘুষ দিতে হলে বা দপ্তরে দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে হলে তা শুধু শিক্ষকদের জন্য নয়, পুরো জাতির জন্য দীনতা-হীনতার বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, নীতি, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেওয়া শিক্ষকরা যেন নিজেদের প্রাপ্য অর্থ পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে তিনি জানান, ২০২২ সালের পর দীর্ঘ চার বছর অপেক্ষার পর বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা সরকারি দুটি তহবিলে জমানো অর্থের একটি অংশ পেয়েছেন। তহবিল দুটি হলো—‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘অবসর সুবিধা বোর্ড’।

তিনি বলেন, এ অর্থ পাওয়ার ফলে ৭০ হাজারের বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তা কমবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার চালু করা শিক্ষা উপবৃত্তি ও নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বিভিন্ন দেশে তা মডেল হিসেবে অনুসরণ করা হচ্ছে। এ সময় তিনি মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন।

Exit mobile version