ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ‘রয়েল কোচ’ পরিবহনের একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হলেও দ্রুত নামতে পারায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
সোমবার (১৭ আগস্ট) ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসটি ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নেমে নিরাপদে সরে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

