রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহত চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫) রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান।

