আশি পেরিয়েছে বয়স। জীবনের শেষ সময়ে যেখানে নিরাপদ আশ্রয়ে নিশ্চিন্তে থাকার কথা, সেখানে নিজের ঘরেই নিরাপদ নন সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বৃদ্ধা ছকিনা।
জীর্ণশীর্ণ মাচার ওপর তাঁর ঘর। বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে, আর ঝড় উঠলে নড়বড়ে কাঠামো ভেঙে পড়ার আতঙ্কে থাকতে হয়। তাই কালো মেঘ দেখলেই ছকিনার মনে প্রশ্ন জাগে—‘আজ রাতে কোথায় থাকব?’
ঝড়-বৃষ্টির সময় নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় তাঁকে। নদীভাঙনকবলিত এই এলাকায় ছকিনার মতো অসহায় মানুষের দুর্ভোগ আরও বেশি।
এলাকাবাসীর দাবি, ছকিনার বড় কোনো চাওয়া নেই। শুধু চান মাথার ওপর একটি মজবুত ছাদ, যেখানে ঝড়-বৃষ্টির রাতে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হবে না।
মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে ছকিনার জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
একটি নিরাপদ ঘরই হয়তো বদলে দিতে পারে ছকিনার শেষ জীবনের গল্প—মেঘ দেখলে আতঙ্ক নয়, বৃষ্টি নামলে ঘর ছাড়ার ভয় নয়; নিজের ঘরেই নিশ্চিন্তে কাটুক তাঁর শেষ দিনগুলো।

