ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সম্ভাব্য সুনামির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হলেও পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। কেন্দ্র ছিল মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
বিএমকেজি জানায়, পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রত্যাহার করা হয়।
এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

