দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের এই বহুল প্রতীক্ষিত সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ পয়েন্টের লড়াই হয়ে উঠবে।
এর আগে ভেন্যু নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার ঘোষণার সঙ্গে মিল রেখেই চূড়ান্ত সূচিতে রাখা হয়েছে ডারউইন ও ম্যাকাই।
প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে এবং ম্যাচটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়, যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল। সেবার ম্যাচ হয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। পরের বছর ডারউইনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ সময় লাল বলের আন্তর্জাতিক ম্যাচ হয়নি সেখানে। চলতি বছরের এই সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে ডারউইন।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনারও রয়েছে আলাদা ইতিহাস। ১৯৯২ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হলেও বৃষ্টিতে তা পরিত্যক্ত হয়েছিল। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না হলেও পরবর্তীতে সংস্কার ও আধুনিকায়নের পর সেখানে নিয়মিত মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন শুরু হয়। গত আগস্টে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটও শুরু হয় এই ভেন্যুতে। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠটি টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটাবে।
এই সফরের আগে জুন মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথাও রয়েছে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সব মিলিয়ে বছরজুড়েই দুই দলের মধ্যে ব্যস্ত সূচির ইঙ্গিত মিলছে।
দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। চ্যালেঞ্জিং কন্ডিশনে এই সিরিজ টাইগারদের জন্য যেমন বড় পরীক্ষা, তেমনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মঞ্চও।
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি
১৩-১৭ আগস্ট, প্রথম টেস্ট ডারউইন
২২-২৬ আগস্ট, দ্বিতীয় টেস্ট ম্যাকাই

