সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩ পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা গেজেটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ সর্বমোট ২১৩টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃষ্টি এবং যানবাহন ও অফিস সরঞ্জামাদি (টিওঅ্যান্ডই) অন্তর্ভুক্তকরণে সরকারের মঞ্জুরি নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
সূত্র জানায়, ২১৩টি পদের মধ্যে রয়েছে—একটি সিনিয়র সচিব, চারটি অতিরিক্ত সচিব, চারটি যুগ্ম সচিব, ১৭টি উপসচিব, ২০টি সিনিয়র সহকারী সচিব এবং মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তার পদ। এছাড়া সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, গাড়িচালক, অডিটর, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণির পদ অন্তর্ভুক্ত রয়েছে।
জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের ৪৬টি পদের মধ্যে ৪৫টির বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২০১৬ সালের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী। সিনিয়র সচিব পদসহ অবশিষ্ট ১৬৮টি পদের বেতন স্কেল নির্ধারিত হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে।
আদেশে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারার আওতায় গঠিত ‘পদ সৃজন কমিটি’র সুপারিশের ভিত্তিতে এসব পদ সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
২১৩টি পদ, যানবাহন ও অফিস সরঞ্জামের ব্যয়ভার সুপ্রিম কোর্ট সচিবালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে বহন করা হবে। এ বিষয়ে পদ সৃজন কমিটির আদেশ গত ৮ ডিসেম্বর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। আদেশটি সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে পাঠানো হয়।
এছাড়া আদেশে ২১৩টি পদ অন্তর্ভুক্ত করার পাশাপাশি সচিবালয়ের ব্যবহারের জন্য ৯টি জিপ, ছয়টি মাইক্রোবাস, চারটি বাস, পাঁচটি ফটোকপিয়ার মেশিন এবং একটি ডিজিটাল ক্যামেরা বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

