ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে অকপট কথা বলেছেন গায়িকা। জানিয়েছেন, এমন জীবনসঙ্গী পেয়ে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করেন তিনি।
এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ঘরের কাজ শুধু নারীর দায়িত্ব—এমন ধারণায় বিশ্বাসী নন শিলাদিত্য। নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন তিনি। বাড়ির কাজ থেকে রান্নাঘর পরিষ্কার—কোনো ক্ষেত্রেই স্ত্রীর ওপর নির্ভরশীল নন। বরং শ্রেয়া রান্নাঘর পরিষ্কার করতে গেলে শিলাদিত্য নাকি বিরক্তও হন!
শ্রেয়ার ভাষ্য, দু’জনেই নিজেদের কাজে ব্যস্ত থাকলেও সংসারের দায়িত্ব ভাগাভাগি করে নেন। তাঁদের সম্পর্কে ‘আমি-তুমি’র কোনো হিসাব নেই; বরং একে অপরের কাজ ও সময়কে সম্মান দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কাজের সূত্রে শ্রেয়াকে অনেক সময় মাসের পর মাস বাড়ির বাইরে থাকতে হয়। তবে এ নিয়ে কখনও প্রশ্ন তোলেননি শিলাদিত্য। বরং শুরু থেকেই শ্রেয়ার পেশাগত ব্যস্ততাকে সম্মান ও সমর্থন করে এসেছেন তিনি।
গায়িকার মতে, তাঁদের সম্পর্কে কোনো ‘ইগো’ কাজ করে না। পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং একে অপরের স্বাধীনতাকে সম্মান করাই তাঁদের দাম্পত্যের মূল ভিত্তি।
ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন শ্রেয়া ও শিলাদিত্য। দীর্ঘদিনের বন্ধুত্ব একসময় প্রেমে রূপ নেয়। প্রায় এক দশক প্রেমের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাঙালি রীতি মেনে বিয়ে করেন তাঁরা। ২০২১ সালে তাঁদের জীবনে আসে পুত্রসন্তান দেবযান।
শ্রেয়ার কথায়, এখন তাঁদের সন্তানই জীবনের কেন্দ্রবিন্দু। তাঁর এই মন্তব্য যেন সফল দাম্পত্যের একটি সহজ বার্তাই তুলে ধরে—ভালোবাসার পাশাপাশি সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন পারস্পরিক সম্মান, বিশ্বাস ও স্বাধীনতার মর্যাদা।
Keep Reading
Add A Comment

