সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৯ আগস্ট) তিনি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করেন ইউনুছ আলী আকন্দ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় প্রতীকে নির্বাচিত কোনো সংসদ সদস্য দলত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। ইউনুছ আলী আকন্দের দাবি, এ বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

