সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (২৪ আগস্ট) সাক্ষাৎ শেষে তিনি বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।’ দুই দেশ স্বাধীন ও সার্বভৌম উল্লেখ করে তিনি বলেন, কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা ও বিদ্যুৎ চায়। বাণিজ্যের মাধ্যমে এসব চাহিদা পূরণ করা সম্ভব। রাজনৈতিক ইস্যু থাকলেও সাধারণ মানুষ উন্নয়ন ও শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি আসে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধান। দুই দেশের তরুণদের আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করতে হবে। পোশাক খাতেও বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজন রয়েছে।

