শিক্ষকের জায়গা কি ধীরে ধীরে দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)? হার্ভার্ড বিজনেস স্কুলের নতুন উদ্যোগ সেই সম্ভাবনাকেই সামনে এনেছে। সেখানে শিক্ষার্থীরা বাস্তব অধ্যাপকের পরিবর্তে তাঁর এআই অবতারের সঙ্গে কথা বলে স্টার্ট-আপের পরিকল্পনা উপস্থাপন, সমালোচনা ও ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন।
উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণে হার্ভার্ড চালু করেছে আট সপ্তাহের অনলাইন ‘এইচবিএস ফাউন্ড্রি’ বুটক্যাম্প। কোর্সটির ফি ৬৯৯ ডলার। এতে ব্যবসায়িক ধারণা তৈরি থেকে শুরু করে বিনিয়োগকারী ও সম্ভাব্য ক্রেতার সামনে তা উপস্থাপন—সবকিছুর অনুশীলন করানো হয়। এআই এজেন্ট, বিশেষজ্ঞ শিক্ষকদের পাঠ্যবস্তু এবং শিক্ষকদের আদলে তৈরি অবতার মিলিয়ে তৈরি হয়েছে প্ল্যাটফর্মটি।
হার্ভার্ডের তৈরি অবতারগুলোর একটি ফ্লাইব্রিজ ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও হার্ভার্ড বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার জেফ বাসগ্যাংয়ের। তাঁর এআই অবতারের সামনে প্রস্তাব উপস্থাপন করে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক সাংবাদিকও দেখেছেন, অবতারটি মূল বাসগ্যাংয়ের মতোই আচরণ ও দেহভঙ্গি অনুকরণ করছে। তবে প্রস্তাবের দুর্বলতা নিয়ে সেটি সরাসরি প্রশ্নও তুলেছে।
হার্ভার্ড ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ফাউন্ড্রি ব্যবহার করেছে। প্রকল্পটির লক্ষ্য, প্রতিবছর হার্ভার্ডের প্রায় ৯০০ এমবিএ শিক্ষার্থীর বাইরেও বিপুলসংখ্যক ভবিষ্যৎ উদ্যোক্তার কাছে প্রশিক্ষণ পৌঁছে দেওয়া।
এআই শিক্ষাক্ষেত্রে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ—এটি ২৪ ঘণ্টাই শিক্ষার্থীর পাশে থাকে। মানব শিক্ষকের সময় ও সামর্থ্যের সীমাবদ্ধতা যেখানে রয়েছে, সেখানে এআই দ্রুত ও নিরবচ্ছিন্ন পরামর্শ দিতে পারে। ফলে শিক্ষক-অধ্যাপকদের চাকরি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতেই পারে।
তবে হার্ভার্ডের এই উদ্যোগেই মিলছে অন্য ইঙ্গিত। এআই অবতারগুলো আসলে তৈরি হচ্ছে জনপ্রিয় মানব শিক্ষকদের আদলে। তাদের কণ্ঠ, আচরণ এমনকি দেহভঙ্গিও অনুকরণ করা হচ্ছে। অর্থাৎ এখনো এআই নিজে শিক্ষকের বিকল্প হয়ে ওঠেনি; বরং মানব শিক্ষকের দক্ষতাকেই নকল করছে।
শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের যে মানবিক সম্পর্ক, অনুপ্রেরণা ও আবেগের বন্ধন—তার বিকল্প হওয়া এআইয়ের পক্ষে এখনো কঠিন। হার্ভার্ডের অধ্যাপক টমাস আইজেনম্যানের ভাষায়, শিক্ষার্থীরা এআই ব্যবহার করে অনেক কিছু শিখছে, কিন্তু শেষ পর্যন্ত বারবার ফিরে আসছে মানুষের কাছেই।
তাই আপাতত ক্লাসরুমে এআইয়ের দাপট বাড়লেও, রক্ত-মাংসের শিক্ষকের প্রয়োজন ফুরিয়ে যায়নি।
Keep Reading
Add A Comment

