কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টির প্রতিষ্ঠান মাতৃভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই তৈরির অভিযোগ উঠেছে। কারখানার মেঝেতে কাদা ও ময়লা জমে থাকলেও সেখানেই চলছে রসমালাইসহ বিভিন্ন মিষ্টান্ন উৎপাদন।
সম্প্রতি কারখানাটিতে গিয়ে দেখা যায়, মিষ্টি তৈরির কাজে নিয়োজিত কারিগরদের গায়ে নেই এপ্রোন বা প্রয়োজনীয় সুরক্ষা পোশাক। অনেকেই খালি হাতে কাজ করছেন; মাথায়ও নেই হেডকভার। একই সঙ্গে উৎপাদনস্থলের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।
খাদ্য তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে এমন পরিবেশ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সচেতন ভোক্তাদের দাবি, কারখানায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত নজরদারি করতে হবে।
ঐতিহ্যবাহী মাতৃভান্ডারের সুনাম ও ভোক্তাদের নিরাপত্তা রক্ষায় পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন এবং কারিগরদের প্রয়োজনীয় সুরক্ষা পোশাক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

