ভিটামিন ও অ্যান্টাসিডের নামে ফেন্টানাইল তৈরির কাঁচামালসহ বিষাক্ত রাসায়নিক আমেরিকায় পাচারের অভিযোগে গুজরাটের ব্যবসায়ী ভবেশ রাঞ্ছোরভাই লাঠিয়াকে ৫৪ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত।
৩৭ বছর বয়সী ভবেশ লাঠিয়া সুরাটভিত্তিক রেক্সটার কেমিক্যালসের মালিক ও প্রতিষ্ঠাতা। অভিযোগ অনুযায়ী, তার প্রতিষ্ঠান ভিটামিন ও অ্যান্টাসিড হিসেবে পরিচয় দিয়ে ৫০ পাউন্ডের বেশি রাসায়নিক যুক্তরাষ্ট্রে পাচার করেছে।
২০২৫ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর গত এপ্রিলে দোষী সাব্যস্ত হন ভবেশ। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৪ হাজার ৫৬০ ডলার জরিমানাও করা হয়েছে। ২০৩১ সালে কারামুক্তির পর তাকে ভারতে প্রত্যর্পণ করা হবে।
সাজা ঘোষণার সময় ব্রুকলিনের ফেডারেল আদালতের বিচারক জোসেফ নোসেলা জুনিয়র বলেন, ফেন্টানাইল সংকটে প্রতিদিন শত শত মার্কিন নাগরিকের মৃত্যু ঘটলেও ভবেশ প্রাণঘাতী এই মাদকের উপাদান পাচার করে গেছেন। এই সাজা এ ধরনের চোরাচালানকারীদের জন্য কঠোর বার্তা বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: সংবাদ প্রতিদিন

