ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে তুমুল উত্তেজনা, গালিগালাজ ও হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠেছে বিগ বসের ঘর। শেষ পর্যন্ত ঘরের সদস্যদের ভোটে মনামীকে হারিয়ে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তনুশ্রী। তবে ক্যাপ্টেন নির্বাচনের চেয়ে টাস্ক চলাকালীন সংঘাতই বেশি আলোচনায় এসেছে।
ক্যাপ্টেন্সি টাস্কের শুরুতে মিউজিক্যাল চেয়ার পর্বে তনুশ্রী, সৃজলা, মনামী, জীতু ও রাজবীর এগিয়ে যান। এরপর তাঁদের ঘোড়ায় চড়ার টাস্ক দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, কাউকে আঘাত করা যাবে না; তবে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করা যাবে।
শুরুতেই রাজবীরকে ঘোড়া থেকে নামিয়ে দেন নন্দিনী। এরপর সৃজলাকে লক্ষ্য করেন তিনি। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বারের চেষ্টায় সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেন নন্দিনী। পড়ে গিয়ে ব্যথায় কেঁদে ওঠেন সৃজলা। পরে বিগ বসের নির্দেশে তাঁকে বিশ্রামে পাঠানো হয়।
এরপর জীতুকে ঘোড়া থেকে নামানোকে কেন্দ্র করে রাজবীর ও ভরত কলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। রাজবীর স্প্রে ব্যবহার করলে জীতু কাপড় দিয়ে মুখ ও মাথা ঢেকে নেন। ভরত তাঁকে থামাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাজবীর ও ভরতের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিগ বস সতর্ক করে জানান, টয়লেট ক্লিনার, ডিওডোরেন্টসহ ক্ষতিকর কোনো পদার্থ প্রতিযোগীদের ওপর ব্যবহার করা যাবে না। কিন্তু সতর্কবার্তার পরও উত্তেজনা থামেনি। রাজবীর ও ভরতের মধ্যে ফের বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতিও হয়।
এদিকে টাস্কের মধ্যে জীতু নিজেই ঘোড়া থেকে নেমে মনামীকে টেনে ফেলে দেন। এ ঘটনায়ও আপত্তি জানায় বিগ বস। অন্যদিকে নন্দিনীকে ঘিরে ঝিলম ও সোহিনীর মধ্যে তর্ক শুরু হয়। পরে কান্নায় ভেঙে পড়েন নন্দিনী।
সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ টাস্কের পর ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে যান তনুশ্রী ও মনামী। ঘরের সদস্যদের ভোটে মনামীকে হারিয়ে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হন তনুশ্রী। তবে ক্যাপ্টেন নির্বাচনের পাশাপাশি টাস্ক ঘিরে প্রতিযোগীদের সংঘাতই এখন বিগ বসের ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু।
Keep Reading
Add A Comment

