২০০৪ সালে ফারহা খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও সুস্মিতা সেন অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’। মুক্তির দুই দশক পরও দর্শকের কাছে ছবিটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এবার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি হোটেলে বসে ‘ম্যায় হুঁ না’ দেখার একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অর্জুন কাপুর। ছবিটিকে ‘অলটাইম ফেভারিট’ উল্লেখ করে তিনি দ্রুত এর সিক্যুয়েল তৈরির দাবি জানান। পোস্টে ফারহা খানকে ট্যাগ করে লেখেন, ‘উই নিড আ সিক্যুয়াল এএসএপি।’
অর্জুনের পোস্টের জবাবে ফারহা লেখেন, ‘যদি কোনও কিছু অন্তর থেকে চাও অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’ ফারহার এই মন্তব্যের পরই সিক্যুয়েল তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর কথার সঙ্গে ‘ওম শান্তি ওম’-এর বিখ্যাত সংলাপের মিল খুঁজে পেয়েছেন।
ফারহা খানের পরিচালনায় অভিষেক হয়েছিল ‘ম্যায় হুঁ না’ দিয়ে। শাহরুখ খান, সুস্মিতা সেনসহ তারকাবহুল সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পায়। এবার সত্যিই সিক্যুয়েল তৈরির পরিকল্পনা হচ্ছে কি না, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত নয়।

