সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহ তিনটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও পুরুষ বাসাটি ভাড়া নিয়ে থাকতেন। তাদের কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শনিবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী ছিলেন। তবে তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা শনাক্তের কাজ চলছে।
ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

