রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়লি’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী মন্দাকিনীর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে একসময় তুমুল আলোচনা হয়েছিল। দাউদের সঙ্গে মন্দাকিনীর একটি ছবি ঘিরে বলিউডে ছড়িয়েছিল নানা জল্পনা। প্রায় চার দশক পর সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রবীণ এই অভিনেত্রী।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, দাউদের আমন্ত্রণে তিনি কখনও ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করতে যাননি। একটি শোতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি। পরে শারজায় একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সেখানে দাউদের সঙ্গে হঠাৎ দেখা হয়। সেখানেই ছবিটি তোলা হয়েছিল।
মন্দাকিনী বলেন, ওই ছবি ও তা ঘিরে প্রকাশিত নানা প্রতিবেদন তাঁর ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাঁর দাবি, দাউদের সঙ্গে সম্পর্কের যে গুঞ্জন ছড়িয়েছিল, তা তিনি সবসময় অস্বীকার করেছেন।
তিনি বলেন, একজন শিল্পীকে নানা মানুষের সঙ্গে দেখা করতে হয়। কারও পরিচয় বা পটভূমির ভিত্তিতে মানুষ বেছে কথা বলা তাঁর কাছে শোভন নয়। দাউদের আমন্ত্রণে নয়, পেশাগত কাজেই তিনি দুবাই গিয়েছিলেন বলেও স্পষ্ট করেন মন্দাকিনী।
অভিনেত্রীর ভাষ্য, ওই বিতর্ক তাঁর জীবনে অনেক ক্ষতি করেছে। পরে তিনি উপলব্ধি করেন, এ ধরনের পরিস্থিতি সামলাতে সেলিব্রিটিদের একটি পেশাদার টিম থাকা প্রয়োজন।
Keep Reading
Add A Comment

