ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। তাঁর সঙ্গে প্রায় ৪০০ সদস্যের প্রতিনিধি দল আসতে পারে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। চীনা কর্মকর্তারা এরই মধ্যে দিল্লিতে হোটেল ও নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করার কাজ করছেন বলে জানা গেছে। তবে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেনি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরটি হলে গত সাত বছরে এটি হবে জিনপিংয়ের প্রথম ভারত সফর। অরুণাচল প্রদেশ ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে সম্ভাব্য এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে চীন সফরে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সীমান্তে শান্তি-স্থিতিশীলতা এবং অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

