বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া। আগামী সোমবার ফর্টিস ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল)’-এর গ্র্যান্ড ফাইনাল। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই আর্জেন্টাইন তারকা।
৩৬টি স্কুল দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। তরুণদের ফুটবলে উৎসাহিত করা ও তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ সফরে ক্যানিজিয়া ফর্টিস ফুটবল একাডেমি পরিদর্শন করবেন এবং উদীয়মান ফুটবলারদের জন্য একাডেমির সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

