ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে প্রাণঘাতী মার্কিন বিমান হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যে এর কারণ খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হামলার ঘটনা ও এর প্রকৃত কারণ যাচাই করা হবে। সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা মার্কিন বাহিনীর উদ্দেশ্য নয় বলেও জানান তিনি। তদন্তে হামলাটি কীভাবে ঘটেছে এবং কোনো সামরিক ভুল ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
এদিকে বেসামরিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে হামলাটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য জবাব ‘অসমমিতিক ও বহুমুখী’ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যে সাইবার হামলা, আঞ্চলিক মিত্রদের সক্রিয়তা, সামুদ্রিক যোগাযোগপথে চাপ এবং সামরিক পদক্ষেপ থাকতে পারে।
কুহেসতাক হরমোজগান প্রদেশে অবস্থিত হওয়ায় এ সংঘাতের প্রভাব হরমুজ প্রণালি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে। হামলার তদন্তের ফলাফল এবং ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।
Keep Reading
Add A Comment

