ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এ অধিবেশন সাধারণত সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়। তবে এবার কত দিন চলবে, তা অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে।
এদিকে অধিবেশন নির্বিঘ্ন করতে বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন ও আশপাশের নির্দিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। এতে বাজেট পাসসহ মোট ১০টি সরকারি বিল অনুমোদন করা হয়। এছাড়া সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়।

