গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারেক মার্কেট এলাকায় ইফতারের সময় একটি বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের সময় দোকান মালিক রফিক ইফতার ও নামাজ আদায়ের জন্য সাময়িকভাবে দোকান বন্ধ রেখে বাসায় যান। এ সুযোগে দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা, এমবি কার্ড, রিচার্জ কার্ড এবং বিকাশ লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিক রফিক জানান, চুরির ঘটনায় তার প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থসহ বিভিন্ন এমবি ও রিচার্জ কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

