কানাডায় বন্দুক হামলার শিকার হয়েছেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা অ্যামি ভির্ক। শনিবার রাতে ব্রিটিশ কলম্বিয়ার আবোটসফোর্ডে একটি কনসার্ট শেষে ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে অন্তত সাত রাউন্ড গুলি চালানো হয়।
জানা গেছে, ম্যাকালাম রোড দিয়ে অ্যামির কনভয় যাওয়ার সময় একটি কালো এসইউভি থেকে হঠাৎ গুলি চালানো শুরু হয়। তবে বুলেটপ্রুফ রোলস-রয়েস কুলিনানে থাকায় অ্যামি ও তাঁর তিন সঙ্গী অক্ষত অবস্থায় রক্ষা পান।
স্থানীয় পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে ‘বাবুশাহি নেটওয়ার্ক’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যামির বাবা কুলজিৎ সিং গুলিবর্ষণের খবর অস্বীকার করেছেন।
বিদেশে পঞ্জাবি শিল্পীদের নিরাপত্তা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জনপ্রিয়তার পাশাপাশি পেশাগত কারণে শত্রুতাও তৈরি হতে পারে, তাই পরিবারের সদস্যদের প্রচারের আলো থেকে দূরে রাখেন।
গায়ক হিসেবে ‘কিসমত’ ও ‘দরিয়া’-র মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত অ্যামি ভির্ক বলিউডেও অভিনয় করেছেন। ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘৮৩’, ‘ব্যাড নিউজ’ ও ‘খেল খেল মেঁ’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘গড্ডে চা ২’।
Keep Reading
Add A Comment

